ই-কমার্স খাতের ৫০ জন পেল এলআইসিটির ট্রেনিংয়ের সুযোগ

১৫ জুলাই, ২০২০ ১৭:০৯  
এলআইসিটি, ই-ক্যাব এবং ইয়াং বাংলার যৌথ উদ্যোগে এফটিএফএল প্রোগ্রামে ই-কমার্স ট্রেনিং এর সুযোগ পাচ্ছে ৫০ জন। আজ বুধবার অনলাইন কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয়। আগে অফলাইনে ট্রেনিং দিয়ে থাকলেও এখন থেকে অনলাইনে চলবে এই ট্রেনিং। ই-কমার্সে সাথে জড়িত এমন ৫০ জন ট্রেনিং করা সুযোগ পেল প্রথম ব্যাচে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, এলআইসিটি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম। ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, সাধারন সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল, এলআইসিটি পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ এবং সিআরই ও ইয়াং বাংলার হেড অব ফিন্যান্স ও এডমিন সামস আজাদ। এলআইসিটি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম অনুষ্ঠানে বলেন, বাঙালী জাতিগত ভাবেই হেরে যাওয়ার জাতি না, তারা জয় করার জাতি। আমরা করোনা মোকাবেলা করে অনলাইন ট্রেনিং শুরু করেছি। ডিজিটাল বাংলাদেশ গঠনে এলআইসিটির এই প্রজেক্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রজেক্টের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্ট, ই গভর্নমেন্ট, ইন্ড্রাস্টি প্রমোশন সব কিছুই হচ্ছে। আমরা সারাদেশ ৩৫ হাজার গ্রাজুয়েটকে ট্রেনিং দিয়েছি। তিনি আরো বলেন, একটি জাতিকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় যদি এবং গ্লোবালি নিয়ে যেতে হয় তবে স্কিল হিউম্যান রিসোর্স তৈরি করতে হবে, এখানে উন্নত করতে হবে। তা না হলে যতই প্রজেক্ট করি না কেন কোন লাভ হবে না। এই জন্যই সরকার এই জায়গাটিতে হাত দিয়েছে। সামনে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ওখানে ইমার্জিং টেকনোলজির উপর নজর দিয়েছি। রেজাউল করিম বলেন, করোনার সময় ই-কমার্সের ভূমিকা দেখা গেছে। এখানে প্রচুর দক্ষ জনবল দরকার। অনেক কর্মসংস্থান তৈরি হবে। ট্রেনিংটি বিনামূল্য করাচ্ছে এলআইসিটি। ই-কমার্স অ্যাসোসিয়েশন ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠান ২৫ জন এবং ইয়াং বাংলার ২৫ জন প্রথম ব্যাচে ট্রেনিং করা সুযোগ পেল।